
ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্থানীয়দের আন্দোলনের মুখে বন্ধ হলো মুজিবুল বশর মাইজভান্ডারির ওরস। বুধবার ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এ ওরস বন্ধ করে দেয়। গত মঙ্গলবার সিলেট-মৌলভীবাজার সড়কের কটালপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয় জানান, ওরসকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। উপজেলার ইলাশপুর গ্রামবাসীর পক্ষ থেকে ওরস বন্ধের জন্য সিলেট জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ইলাশপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানু মিয়া নিজ উদ্যোগে বুধবার ইলাশপুর গ্রামে ওরস করার আয়োজন করছেন। এলাকাবাসী বার বার নিষেধ দেওয়ার পরও কর্নপাত করছেন না জানু মিয়া। উল্টো এলাকার লোকজনদের হুমকি-ধামকি দিচ্ছেন।
স্থানীয়রা বলেন, মুজিবুল বশর নিজেকে আওলাদে রাসূল দাবি করেন। কারো মৃত্যুকালে কন্ঠ থেকে তার মুরিদকে মুক্তি দিবেন ও কবরে আরামের ব্যবস্থা করবেন, এমন আকিদা তিনি বলে থাকেন। এছাড়াও তিনি গানবাজনা জায়েজ বলেন। ফেঞ্চুগঞ্জে মুজিবুল বশর মাইজাভান্ডারির ওরস হলে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেত। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব স্থানীয় গর্ণমান্য লোকজনের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছেন। ওরস বন্ধ করার উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফেঞ্চুগঞ্জ থানার ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জনসাধারণ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, ওরসকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ওরস আয়োজক জানু মিয়াকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ডেকে এনে ওরস বন্ধের নির্দেশ দিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইলাশপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।