
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আতিকুর রহমান মিটু স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে গুঞ্জন শুনা গিয়েছিল। তবে স্বতন্ত্র প্রার্থী নয়, বরং নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন বলে জানিয়েছেন উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মিটু।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আতিকুর রহমান মিটু বলেন, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। গত ৩রা ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূল আওয়ামী লীগের গোপন ভোটে আমি নির্বাচিত হয়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই আমি আমার দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সিলটে-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ দলীয় সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছি না। আর কোনোদিন আমি স্থানীয় সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। আমি একজন ব্যবসায়ী, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমি বণিক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করব এবং অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে কৃষকদের জন্য কাজ করব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা টিপু সুলতান।