
ফেঞ্চুগঞ্জ: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ছে সিলেট। পানি বেড়েই চলছে। এতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে সিলেট নগর ও জেলার সবকটি উপজেলায় পানি ঢুকে পড়েছে।
উজান থেকে নেমে আসা ঢলে ও ভারী বর্ষণে ফেঞ্চুগঞ্জেও বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। বাসাবাড়ি ও দোকানঘরে প্রবেশ করছে পানি।
গত শুক্রবার সন্ধ্যায় কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শনিবার সকাল ৯টায় পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানিতে কুশিয়ারা নদীর তীরবর্তী গয়াসী, ভেলকোনা, সুড়িকান্দি, সাইলকান্দি, সুলতানপুর, বাঘমারা, ছত্তিশ, পিঠাইটিকর, বারোহাল, জেটিঘাট গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেঞ্চুগঞ্জ মধ্য বাজারের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। কোমর সমান পানি। পোস্ট অফিসে সড়কের নাথ কলোনী ও ইন্তাজ আলী মার্কেট কলোনিতে বন্যার পানি প্রবেশ করায় অনেকে বসতঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন।
ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী সলিম আহমদ বলেন, গতকাল সড়কে হাঁটু সমান পানি ছিল। আজ সকালে এসে দেখি কোমর সমান পানি। রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। পানি আরও বাড়লে দোকানঘরে পানি ঢুকে পরবে।
ব্যবসায়ী সাখন আহমদ বলেন, আমার দোকানঘরে পানি ঢুকে পড়েছে। মালামাল অন্য জায়গায় নিয়ে যাচ্ছি।