
রুমেল আহসান: ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার-ফেরিঘাট আঞ্চলিক সড়কের একটি খালের ওপর নির্মিত সেতুর মাঝে গর্ত সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে সেতু দিয়ে মানুষ ও যান চলাচল করছে।
স্থানীয়দের দাবি, সেতুটি দীর্ঘদিনের পুরনো। শনিবার (১৩ আগস্ট) সকালে একটি মালবাহী ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুর একটি অংশে গর্ত সৃষ্টি হয়। এছাড়াও সেতুর উপর গাড়ি উঠলে সেতুটি নড়েচড়ে। দিনের বেলা গর্তটি সহজে দেখা গেলেও রাতে চলাচলকারী যানবাহন এতে দুর্ঘটনায় পড়তে পারে। দ্রুত সেতুটি সংস্কার না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা অফিস বলছে, সেতুটি শত বছরের পুরনো। সিলেট সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই সেতুটি। এরইমধ্যে ওই সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশে গাড়ুলীছড়া খালের উপর সেতুটির অবস্থান। সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা, পিকআপসহ মানুষ চলাচল করছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা কাইয়ুম মিয়া বলেন, সেতুটির মাঝের অংশে গর্ত সৃষ্টি হয়েছে। ছোট-বড় ট্রাকসহ এই সেতুটি দিয়ে ভারি যান চলাচল করে। যে কোনো সময় এই সেতুটি ভেঙে পড়তে পারে।
জাবেদুর রহমান ডেনেস বলেন, এই সেতু দিয়ে এলাকার ছোট ছেলেমেয়েসহ সবাই যাতায়াত করে। সেতুটি দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সুর্দশন সরকার বলেন, সেতুটি সিলেট সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য নকশা বানানো হয়েছে। শীঘ্রই টেন্ডার হবে। গাড়ি চলাচলের জন্য সেতুর গর্ত মেরামত করা হবে।