
মৌলভীবাজারের কমলগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল “লাউয়াছড়া জাতীয় উদ্যানে” আগুণ জ্বালিয়ে চিত্রগ্রহণ করছে একটি চিত্রগ্রহণকারী সংস্থা৷ বুধবার (৮জুন) সকাল থেকে লাউয়াছড়া বনের অভ্যন্তরে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর, লাইট, ভারী যন্ত্রপাতি এবং ট্রাক ও মাইক্রোবাস নিয়ে লাউয়াছড়া বনে চিত্রগ্রহণের জন্য প্রবেশ করে প্রাণ-আরএফএল গ্রুপের নিজস্ব প্রোডাকশন হাউজের লোকজন৷
প্রাণ-আরএফল গ্রুপের কোমল পানীয় “পাওয়ার এনার্জি ড্রিংক” এর চিত্রগ্রহণের জন্য তারা লাউয়াছড়ায় এসেছেন বলে জানিয়েছেন চিত্রগ্রহণের সাথে সংশ্লিষ্টরা৷
সংরক্ষিত বনের কোর জোনের ভেতর লাউয়াছড়ার ভেতর দিয়ে প্রবাহিত হওয়া পাহাড়ী ছড়ার সামনে সকাল থেকে চিত্রগ্রহণ শুরু করে তারা৷ এসময় তারা চিত্রগ্রহণের জন্য বনের ভেতর তেলের টিনে আগুণ লাগিয়ে ধোঁয়ার সৃষ্টি করে৷ এসময় বনের দুই কিলোমিটার জুড়ে এই ধোঁয়া ছড়িয়ে পরে৷
চিত্রগ্রহনের জন্য প্রোডাকশন টিমটি সংরক্ষিত বনের ভেতর ৮টি মাইক্রোবাস,দুটি ট্রাক ও কয়েকটি ইজিবাইক নিয়ে প্রবেশ করে৷
সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, চিত্রগ্রহণকারী দলটি বনের অভ্যন্তরে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর চালিয়ে চিত্রগ্রহণের কাজ করছে৷ বনের ভিতরে কৃত্রিম আলোর ব্যবস্থা করার জন্য নিয়ে এসেছে হাজার ওয়াটের বাল্ব৷
চিত্রগ্রহণের কাজে ব্যবহৃত জেনারেটরটি থেকে উৎপন্ন ধোঁয়া বনের চারপাশে ছড়িয়ে গিয়েছে৷