অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের অবহিত করতে সিলেটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিসংখ্যান অফিস এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইফতেখার মাহবুব চৌধুরী রাব্বি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন জরিপ ও শুমারিতে সঠিক তথ্য প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতা ও সহযোগিতা করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সঠিক পরিসংখ্যান না থাকলে সঠিকভাবে কাজ করা কষ্টসাধ্য। অর্থনৈতিক শুমারির রিপোর্ট সরকারের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে।’
সেমিনারে উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশীজনেরা অংশ নেন। এতে অর্থনৈতিক শুমারির তথ্যের গুরুত্ব এবং সরকারি পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।












মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।