সিলেট মহানগরীর আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারে নিরাপত্তা জোরদার এবং অপরাধ প্রতিরোধে মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় হোটেলে অবস্থানকারী অতিথিদের পরিচয় যাচাই, তথ্য সংরক্ষণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পার্কিং এলাকায় গাড়ি তল্লাশির ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় এসএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় অপরাধ প্রতিরোধ, অনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও হোটেল, রিসোর্ট এবং কমিউনিটি সেন্টার মালিকদের মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় হোটেলে অবস্থানকারী অতিথিদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, প্রতিটি হোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পার্কিং এলাকায় গাড়ির যথাযথ তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের আভাস পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে বলা হয়।
সভায় উঠতি বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোনো ধরনের আপত্তিকর কর্মকাণ্ডে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানানো হয়।
সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ কমিশনার।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।