
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্টোন ক্রাশার মিলসহ প্রত্যন্ত এলাকা থেকে প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকমাসে উপজেলার ১২ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার ডাকঘর সংলগ্ন আল রাজি স্টোন ক্রাশারে সংঘবদ্ধ চোরেরা দুটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। ট্রান্সফরমার চুরির ঘটনায় উপজেলার ডাকঘর গ্রামের লায়েক মিয়া একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২ জনসহ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানাজার মৃণাল কান্তি চৌধুরী বলেন এ পর্যন্ত বারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরির বিষয়ে তিনি একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে একটি অভিযোগ এসেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।