Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
সিলেট

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কাজ শুরু হয়েছে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বিষয়টি নিয়ে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক এসব কথা বলেন।সিলেটকে একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এ অঞ্চলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর পাশাপাশি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা গেলে এ অঞ্চলের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।কলেজটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, একসময় দেশে চারটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই সময় সিলেটে এমন কোনো প্রতিষ্ঠান না থাকায় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এখানে একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশনা দেন। দীর্ঘ পথপরিক্রমায় নানা সীমাবদ্ধতা পেরিয়ে প্রতিষ্ঠানটি আজ পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রশাসনিক অনুমোদন ও সংসদে আইন পাসের মতো প্রক্রিয়া রয়েছে। রূপান্তরের পর বর্তমান শিক্ষকদের পদমর্যাদা, চাকরির কাঠামো ও সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যাতে কেউ কোনো জটিলতায় না পড়েন।’

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করা হয়েছে, যা আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সড়কটিতে সড়কবাতি (স্ট্রিট লাইট) স্থাপনের বিষয়টিও সিটি করপোরেশনের বিবেচনায় রয়েছে। এ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ভবিষ্যতে সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


কলেজের অধ্যক্ষ মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবু নাসের মজুমদার। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।মতবিনিময় সভা শেষে সিসিক প্রশাসক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।