উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের হাত ধরে ইউরোপের পথে পা বাড়িয়েছিলেন হবিগঞ্জের সাত যুবক। জনপ্রতি ১২ থেকে ১৫ লাখ টাকা খরচ করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু মাঝসাগরে প্লাস্টিকের নৌকায় ছিদ্র হয়ে ঘটে যাওয়া দুর্ঘটনায় সেই স্বপ্ন এখন ছয়টি পরিবারের জন্য গভীর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই ছয় যুবক। তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।
তবে একই নৌকায় থাকা মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। মূলত তার কাছ থেকেই ভয়াবহ সেই দুর্ঘটনার খবর জানতে পারে নিখোঁজ যুবকদের পরিবার।
নিখোঁজ ছয় যুবক হলেন মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া ও ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া; কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া; বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া; ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া এবং লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়া।
নিখোঁজ ছয় যুবকের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাধবপুরের বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার প্ররোচনায় ও মাধ্যমে ওই সাত যুবক গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন। এ জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথমে তাদের লিবিয়ায় নেওয়া হয়। সেখান থেকে গত ৩১ অক্টোবর প্রায় ৬০ জন যাত্রীর সঙ্গে একটি প্লাস্টিকের নৌকায় তুলে দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা করানো হয়।
বেঁচে ফেরা যুবক মাসুম মিয়া মুঠোফোনে পরিবারকে জানান, সাগরের মাঝপথে হঠাৎ তাদের প্লাস্টিকের নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যেতে থাকলে যাত্রীরা যে যার মতো পানিতে পড়ে যান। মাসুম জানান, দুর্ঘটনার প্রায় দুই দিন পর অচেতন অবস্থায় তিনি সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর চারপাশে কোনো জনবসতি দেখতে না পেয়ে টানা প্রায় তিন ঘণ্টা হেঁটে একটি বাড়ির সন্ধান পান। সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তায় শেষ পর্যন্ত তিনি গ্রিসে পৌঁছান।
মাসুমের কাছ থেকে নৌকাডুবির খবর পাওয়ার পর থেকেই নিখোঁজ ছয় যুবকের বাড়িতে চলছে শোক আর আহাজারি। পনেরো দিন পেরিয়ে গেলেও প্রিয়জনের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। তারা জীবিত আছেন নাকি সাগরে ডুবে মারা গেছেন তা জানতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিজাম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমেই ওই যুবকেরা অবৈধ পথে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন। তাদের মধ্যে একজন গ্রিসে পৌঁছাতে পারলেও বাকি ছয়জনের কোনো হদিস মিলছে না। পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছে।
তবে পরিবারের আনা অভিযোগ অস্বীকার করেছেন গ্রিসপ্রবাসী হাফিজ মিয়া। মুঠোফোনে তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ওই যুবকদের সঙ্গে তার কোনো যোগাযোগও হয়নি। উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি লোকমুখে শোনা গেলেও এখন পর্যন্ত ভুক্তভোগী কোনো পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










