
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দক্ষ শ্রমিক ছাড়া বিদেশে কোনো শ্রমিকের বাজার নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ শ্রমিক তৈরি করতে সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধ পথে বিদেশে গিয়ে অনেকে বিপদে পড়েন। তারপর প্রবাসীকল্যাণ সংস্থার কাছে ছুটে যান। চিঠি লিখেন বাঁচাও। তাদের উদ্ধারে প্রবাসীকল্যাণ সংস্থা এগিয়ে আসে। তাই আর অবৈধ পথে নয় কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান।
শুক্রবার (৭ জুলাই) বিকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রকল্প পরিচালকের যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী, সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
ফেঞ্চুগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।