
ফেঞ্চুগঞ্জ: চারদিকে থই থই করছে বন্যার পানি। ঘর থেকে বের হতেই প্রয়োজন নৌকা। তাই চলাচলের একমাত্র বাহন নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফেঞ্চুগঞ্জে বন্যায় গ্রাম থেকে গ্রাম বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নৌকা দিয়ে চলাচল করছেন মানুষেরা।
ফেঞ্চুগঞ্জ বাজারের যে সড়কে গাড়ি চলাচল করতো, সেই সড়কে এখন চলছে নৌকা।
বুধবার উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে ঘরবন্দি আছেন গ্রামের পরিবারগুলো। যেখানে একটু উঁচু স্থান রয়েছে সেখানেই শোনা যাচ্ছে সেখানে অনেক পানিবন্দী পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বাঘমারা গ্রামের বাসিন্দা ধনাই মিয়া জনান, বন্যা পানি বসতঘরের পাশে। ঘর থেকে বের হতেই নৌকার প্রয়োজন। চারদিন ধরে ছেলে-মেয়েরা বের হতে পারছে না।
ভেলকোনা গ্রামের মুজিব মিয়া বলেন, বন্যার পানির জন্য কেউ চলাচল করতে পারছে না। নৌকা ছাড়া এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া যাচ্ছে না। পানি কতদিন থাকবে আল্লাহ জানেন। মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই।