
ফেঞ্চুগঞ্জ উপজেলায় মুজিবুল বশর মাইজভান্ডারির ওরসকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার ইলাশপুর গ্রামবাসীর পক্ষ থেকে ওরস বন্ধের জন্য সিলেট জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, ইলাশপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানু মিয়া নিজ উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর ইলাশপুর গ্রামে ওরস করার আয়োজন করছেন। এলাকাবাসী বার বার নিষেধ দেওয়ার পরও কর্নপাত করছেন না জানু মিয়া। উল্টো এলাকার লোকজনদের হুমকি-ধামকি দিচ্ছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, মুজিবুল বশর নিজেকে আওলাদে রাসূল দাবি করেন। কারো মৃত্যুকালে কন্ঠ থেকে তার মুরিদকে মুক্তি দিবেন ও কবরে আরামের ব্যবস্থা করবেন, এমন আকিদা তিনি বলে থাকেন। এছাড়াও তিনি গানবাজনা জায়েজ বলেন। ধর্মপ্রাণ মুসলমানের ঈমান আকিদা রক্ষার জন্য মাইজভান্ডারির ওরস বন্ধে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
স্মারকলিপি প্রদানে ইলাশপুর গ্রামের সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।