
ফেঞ্চুগঞ্জ উপজেলায় ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার পুরাতন ফ্যাক্টরি থেকে ৭০আরএম তামার তার চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ এপ্রিল) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার মণিপুর চা বাগানের বাঁশখালী কলোনীর বাসিন্দা মাসুক মিয়া, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নিজগাঁও পশ্চিম খাস গ্রামের ইউসুফ মিয়া ও সেলিম মিয়া।
জানা যায়, গত ২৭ মার্চ কারখানার ৭০আরএম ৭৫ ফুট তামার তার চুরি হয়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় সার কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। এর আগে গত সোমবার এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন- রাজনগর থানার নিজগাঁও পশ্চিম খাসের মো. শাহিন, একই গ্রামের মো. শফিক মিয়া ও সোহেল আহম্মদ।
এদিকে সার কারখানা এলাকায় নিরাপত্তা প্রহরী, নিরাপত্তার জন্য উঁচু দেওয়াল থাকা সত্ত্বেও চোরচক্র কিভাবে মূল্যবান তামার তার চুরি করে নিয়ে যায়, এনিয়ে প্রশ্ন জনমনে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম যুগান্তরকে বলেন, বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়েছে। গত ২৭ মার্চ রাতে সংঘবদ্ধ চোরদল দেড়লক্ষ টাকা মূল্যের ৭৫ফিট তামার তার চুরি করে পালিয়ে যায়। অভিযানে তাদের কাছ থেকে ৫০ফিট তার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, সারকারখানায় যত চুরি হয়েছে প্রত্যেক ঘটনায় এ চক্রটি জড়িত ছিল। তারা একাধিক মামলায় কারাভোগ করে জামিনে বেরিয়ে এসে আবারও বেপরোয়া চুরি করছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।