
চকলেটের প্রলোভন দেখিয়ে সিলেট নগরীর জামিয়া ইসলামিয়া হুসাইন মিরবক্সটুলা মাদরাসার ছাত্র আব্দুল্লাহ তামিম(৭) নামে এক শিশুকে ছিনতাই করে ছিনতাইকারী চক্রের এক সদস্য। শিশুটিকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় সড়কে পুলিশ দেখে শিশুটিকে সড়কে রেখে পালিয়ে যায় ছিনতাইকারী।
পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে তার পরিবারের কাছে। সোমবার (১৫ মে) দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জের কটালপুর মোস্তফা বাঁধ এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে দেখে ছিনতাইকারী চক্রের সদস্য ওই শিশুকে সাইকেল থেকে নামিয়ে সড়কে রেখে যায়। এ সময় শিশুটি কান্না করতে থাকে। সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টবল আনোয়ার হোসেন শিশুটিকে কান্না করার কারণ জানতে চান। এ সময় শিশুটি বিস্তারিত পুলিশকে জানালে শিশুটিকে ফেঞ্চুগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শিশুটি তার বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি।
পরে স্থানীয় সমাজকর্মী তোফায়েল আহমদ ইমন তার নিজ ফেসবুক আইডিতে শিশুটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি লাইভ ভিডিও করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে থাকা থানা পুলিশের নাম্বারে যোগাযোগ করেন ওই শিশুর বাবা।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জুয়েল বলেন, শিশুটির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিআউড়া গ্রামে। তার বাবার নাম আবদুল কাদির। তিনি শিশুটির জন্মনিবন্ধন নিয়ে আসেন এবং শিশুটি স্বীকার করেন তিনি তার বাবা। সেজন্য শিশুটিকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির বাবা আবদুল কাদির বলেন, আমার ছেলে সিলেটের ইসলামিয়া হুসাইন মিরবক্সটুলা মাদরাসায় হাফিজিয়ায় পড়ছে। তোফায়েল আহমদ ইমন নামে একজনের ফেইসবুকে পোস্ট দেখে ওই ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করে আমরা থানায় এসেছি।
তিনি আরও বলেন, থানা পুলিশের সহযোগিতায় আমার ছেলেটিকে ফিরে পেয়েছি। তা না হলে কি যে হতো, আল্লাহ ভালো জানেন।