
ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক আবজাল হোসেন। জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান তিনি।
ফেঞ্চুগঞ্জে বন্যার শুরু থেকে উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পানিবন্দী মানুষের পাশে রাত-দিন কাটছে তার। কখনো নৌকায়, কখনো কোমর পানি মাড়িয়ে বন্যার্তদের কাতারে মিশে যাচ্ছেন আবজাল। ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে প্রশংসিত হচ্ছেন তরুণ এই সমাজকর্মী।
জানা যায়, বন্যার শুরু থেকে ফেঞ্চুগঞ্জের উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকার ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করেছেন পানিবন্দী মানুষের মধ্যে। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৬ জুলাই) বিকেলে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কুতুবপুর ও মল্লিকপুর গ্রামে শতাধিক পানিবন্দী পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন আবজাল। এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহ্বায়ক আব্দুল বারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, ইউপি সদস্য আবুল কালাম, ইছন মিয়া ও সমাজকর্মী বদরুল ইসলাম জাহাঙ্গীর।
জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আবজাল হোসেন বলেন, আমাদের ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য হলো হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটানো। মানুষের জন্য কাজ করতে পারছি, এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর কিছু নেই। ২৫ দিন ধরে বন্যা কবলিত উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পানিবন্দী মানুষের পাশে শুকনো খাবার, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে ছুটে যাচ্ছি। যতদিন বন্যা থাকবে ও পানিবন্দী মানুষেরা দুর্ভোগ পোহাবেন, ততদিন আমি আমার এই কার্যক্রম অব্যাহত রাখবো।