রুমেল আহসান: সিলেট জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এখনই তোড়জোড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সম্ভাব্য প্রার্থীদের প্রার্থিতা নিয়ে ছবিসহ নানা প্রচারণায় জমে উঠেছে।
একইভাবে রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মীরা তাদের নিজ ফেইসবুকে প্রার্থিতার কথা তুলে ধরে প্রচারণায় মেতে উঠেছেন। জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে এখন পর্যন্ত ৪ জন প্রার্থীর নাম শুনা যাচ্ছে।
জেলা পরিষদের ৩নং ওয়ার্ড ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪ জন।
৩নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- সদ্য সাবেক সদস্য আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রুমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক নাহিদ হাসান চৌধুরী এবং ৩নং ওয়ার্ডে গত উপনির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতাকারী শামিম আহমদ চৌধুরী।
এ পর্যন্ত সদস্য পদপ্রার্থীরা জোর লবিং ও প্রচারণা চালাচ্ছেন। সুনির্দিষ্ট ভোটারসহ তাদের সাথে সুসম্পর্ক রয়েছে এমন মানুষের ধারস্থ হচ্ছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বও, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।