
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আগামী প্রজন্মকে নানন্দিক ফেঞ্চুগঞ্জ উপজেলা উপহার দিতে ও গড়ে তোলার লক্ষ্যে আপনারা আমাকে আবার সুযোগ দিয়ে নির্বাচিত করুন। ব্যবসা বান্ধব ফেঞ্চুগঞ্জ বাজার ও কুশিয়ারা নদীর তীরে নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই। আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমেই দলমত নির্বিশেষে ফেঞ্চুগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিতে চাই।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। তিনি বাংলাদেশকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে চান। সে জন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সহযাত্রী হিসেবে নান্দনিক সিলেট-৩ আসন গড়ে তোলা আমার লক্ষ্য। গত ১৪ মাস আমি সিলেট-৩ আসনের জনগণের কল্যাণে কাজ করেছি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির বর্তমান কার্যকরী কমিটির প্রথম বর্ষপূতি অনুষ্ঠানের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল এবং সহ সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহ্বায়ক আব্দুল বারী, সমাজকর্মী কাজী আবুল হোসেন জবুল মাস্টার ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা।
বণিক সমিতির আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন বণিক সমিতির অর্থ সম্পাদক শাহিন আহমদ খান, বক্তব্য রাখেন- বণিক সমিতির সদস্য তোফায়েল আহমদ ইমন ও আফজল হোসেন প্রমুখ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল।