
ফেঞ্চুগঞ্জ উপজেলার সর্বত্র এখন বেওয়ারিশ কুকুর আতঙ্ক। উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে।
রোববার (৮ জানুয়ারি) দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৩০ জন আহত হওয়ার সত্যতা মিলেছে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন-সুবিধা না থাকায় আক্রান্ত ব্যক্তিরাও চরম ভোগান্তি পোহাচ্ছেন।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর, ধারণ গাজীপুর, কোরবানপুর, বাদেদেউলী, বিয়ালীবাজার, মাইজগাঁও এলাকায় একের পর এক মানুষকে পাগলা কুকুর কামড় দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
শুধু রোববারে বিভিন্ন গ্রামে শিশু, কিশোর, কিশোরী, বৃদ্ধ নারী-পুরুষসহ ৩০ জন আহত হয়েছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্ট্রার থেকে জানা যায়, রোববার দুপুর ১২টা পর্যন্ত ২০ জনের অধিক বেওয়ারিশ কুকুর কামড়ে আহত হয়েছেন। এরপর অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমদ বলেন, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা না নিলে জলাতঙ্ক আক্রান্ত হয়ে পড়ে।