
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ২০২১ সালের উপনির্বাচনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি আমার নির্বাচনী ইশতেহারে নান্দনিক সিলেট-৩ আসন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। শেখ হাসিনার উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জনগণের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এই ১৫ মাসে আমি কতটুকু আমার নির্বাচনী এলাকার জনগণকে দিতে পেরেছি, তা আমার জনগণ ভালো বলতে পারবেন।
তিনি আরও বলেন, এই জনপদের মানুষের কল্যাণে আমি দিনরাত কাজ করছি। শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। ফেঞ্চুগঞ্জের উন্নয়নে আজকে আমি আমার জনগণের দুঃখের কথা আপনার সম্মুখে তুলে ধরবো।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে এমপি হাবিব বক্তব্যে আরও বলেন, ফেঞ্চুগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন জুড়ী নদীতে ও কটালপুর মজুমদার নদীতে সেতু নির্মাণ করা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে বদলে যাবে চিত্র। গ্রাম শহরে রূপান্তরিত হয়ে যাবে। সেজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে শনিবার সন্ধ্যায় নিজের ফেইসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন এমপি হাবিবুর রহমান হাবিব।
পোস্টে তিনি লিখেন-
‘দৃষ্টিনন্দন হাকালুকি হাওর, কুশিয়ারা নদীর তীরে সৌন্দর্যবর্ধন, উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরপাড় ওয়াকওয়েসহ আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উন্নয়ন সহ অসংখ্য ছোট ছোট প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা এবং আমার নির্বাচনী এলাকার আরও দুই উপজেলা দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে আরও ৫০ কোটি টাকা সহ মোট ১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি। প্রশাসনিক কার্যক্রমে গতি আনয়নে উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও অডিটোরিয়াম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মাননীয় মন্ত্রী এই আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেটের কৃতি সন্তান জনাব ড. এ.কে আবদুল মোমেন এমপি সহ স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।’