ফেঞ্চুগঞ্জ উপজেলায় দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত প্রবাসী সালেতুর রহমানের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ছত্তিশ, পিঠাইটিকর ও বাঘমারা গ্রামের দেশী এবং প্রবাসীরা। ক্যান্সার আক্রান্ত ওই রোগীকে চিকিৎসার জন্য ২ লক্ষ ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে এম হাসান লিমনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অসুস্থ সালেতুর রহমানের হাতে অনুদানের নগদ টাকা হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, শুধু সালতুর রহমানের চিকিৎসার্থে নয়, ছত্তিশ, পিঠাইটিকর ও বাঘমারা গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য রোগীদের চিকিৎসার্থে অনুদান প্রদান করা হয়েছে। অত্র এলাকার প্রবাসীরা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন ও সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।
অসুস্থ সালতুর রহমান বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। গত তিন মাস আগে আমি দেশে এসেছি। দেশে আসার পর আমি অসু্স্থ হয়ে পড়ি। আমার শরীর পরীক্ষা করে ক্যান্সার ধরা পড়েছে। আমার চিকিৎসার জন্য তিন গ্রামের দেশী ও প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।