
ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারে রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে একটি দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
এতে মুহূর্তের মধ্যে চারপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে মেসার্স সুরাইয়া ইলেকট্রনিক্স দোকান, খান ব্রাদার্সসহ আরও ছয়টি দোকান পুড়ে যায়।