
মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বিভিন্ন সংগঠন ও মসজিদের মুসল্লীদের পক্ষ থেকে বের করা মিছিলে প্রকম্পিত ছিল ফেঞ্চুগঞ্জের রাজপথ। সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন বক্তারা।
শুক্রবার জুমার নামাজের পর ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করেন মুসল্লীরা। খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় ফেঞ্চুগঞ্জ বাজারের থানার রোড পয়েন্টে। এ সময় পুরো ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক বিক্ষুব্ধ মুসল্লীতে কানায় কানায় ভরে যায়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী বিজেপির দুই নেতার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
এছাড়া বক্তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক ও মহানবীকে নিয়ে কটুক্তির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।