সিলেটের ফেঞ্চুগঞ্জে এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত আনুমানিক রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের ‘লন্ডনী বাড়ি’ হিসেবে পরিচিত প্রবাসী জুমনের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।

 

চোরের দল ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি টিম।

 

প্রবাসী জুমনের মা সাহেদা খানম বলেন, গত মঙ্গলবার আমার বাবা মারা যান। আমি ও আমার পরিবারের লোকজন আমার বাপের বাড়ি ছিলাম। ঘরে আর কেউ ছিলো না। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের দরজা ভাঙা ও আলমারিতে রাখা ১২ ভরি স্বর্ণালঙ্কার নেই। ঘরের দরজার পাল্লা কেটে কেটে ঘরে ঢুকেছে চোররা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা ভেঙে সেই আলমারির ড্রয়ারের তালা ভেঙে চুরি করেছে।

 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।