‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’-এই প্রতিপাদ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও হীড বাংলাদেশ-এর সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
শুরুতে কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি রিসার্চ পার্সন শ্রী সাগর ছত্রীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতিকুল গণি।
উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ এমাজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক বিমল চন্দ্র দাশ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক অমল কুমার পুরকায়স্থ, টিএলসিএ
স্বপন কুর্মী, সাংবাদিক রুমেল আহসান ও সমাজকর্মী রুজ্জিক আহমদ প্রমুখ।
বক্তব্যে ডা. আতিকুল গণি বলেন, কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়, নিরাময়যোগ্য। চিকিৎসার মাধ্যমে এ রোগ ভালো হয়। এই তথ্য প্রচার-প্রচারণার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে হবে। কুষ্ঠ রোগের উপসর্গ দেখা দিলে রোগীকে সাথে সাথে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বক্ষব্যাধী ক্লিনিকে নিয়ে যেতে হবে।
সেখানে বিনামূল্যে এই রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ রোগ সম্পর্কে সমাজে প্রচলিত কুসংস্কার থেকে সবাইকে সচেতন করতে পারলে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রণ হবে বলে আশা করেন বক্তারা।