
পরকীয়া প্রেমের টানে ৭ দিন ধরে পালিয়ে লাপাত্তা হয়েছেন একজন প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর আশিঘর গ্রামে।
সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর আশিঘর গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রফিক মিয়ার স্ত্রী ডলি বেগম পরকীয়া প্রেমে আসক্ত হন। গত ১৫ জুলাই সিলেট শহরে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বের হয়ে আসেন ডলি বেগম। এরপর থেকে তিনি লাপাত্তা হয়েছেন। পরিবারের সদস্যরা ধারণা করছেন, পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, ডলি বেগম ও তাঁর মা গত ১৫ জুলাই সিলেটে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। পরের দিন রিপোর্ট নিয়ে আসার উদ্দেশ্যে সিলেট উপশহর এলাকায় চাচাতো ভাইয়ের বাসায় উঠেন এবং সেখানে রাত্রিযাপন করেন। পরের দিন হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে আসার জন্য বাসা থেকে বের হন ডলি বেগম। পরে আর তিনি বাসায় ফিরে আসেন নি।
প্রবাসী রফিক মিয়ার ভাই জামাল মিয়া জানান, রফিক মিয়া জুলাই মাসের মধ্যে দেশে আসার কথা ছিল। তাই সে তার স্ত্রী ডলি বেগমের ব্যংক একাউন্টে ৩ লক্ষ টাকা পাঠান। এছাড়া আরো ৩ থেকে ৪ লক্ষ টাকা ডলি বেগমের একাউন্টে জমা ছিল। ডলি বেগমের কাছে ছিল ৩ থেকে ৪ ভরি স্বর্ণ। স্বামীর পাঠানো টাকাসহ স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যান ডলি বেগম। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় আমি একটি সাধারণ ডায়েরি করেছি। সাধারণ ডায়েরি নং- ৬২২।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।