সিলসিলা কসমেটিকস
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
সিলেট

সিলেটে ‘রান ফর আ বেটার টুমরো’ ম্যারাথন অনুষ্ঠিত

সিলেটে ‘রান ফর আ বেটার টুমরো’ ম্যারাথন অনুষ্ঠিত
ছবি: সিসিক
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। সিলেট রানার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন।

ম্যারাথন শেষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের অনন্য অনুশীলন। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত দৌড় ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা তৈরি হয়।

তিনি বলেন, সিলেটের মানুষের খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে এমন একটি আয়োজন সিলেটের সুনাম ও পরিচিতি আরও বাড়াবে। দেশ-বিদেশের মানুষের কাছে সিলেটের ক্রীড়া সংস্কৃতি ও সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

সিসিক প্রশাসক আরও বলেন, ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে তরুণদের পাশাপাশি ৪০ বছরোর্ধ্ব অনেক দৌড়বিদও রয়েছেন। রাতের বেলায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৪২ কিলোমিটারের ম্যারাথন সম্পন্ন করা নিঃসন্দেহে অসাধারণ শারীরিক সক্ষমতা ও অধ্যবসায়ের পরিচয়। যারা এমন আয়োজন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এ ধরনের মহৎ উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।

‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল। এর মধ্যে ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। রাত সাড়ে ৩টায় সার্কিট হাউস এলাকা থেকে ফুল ম্যারাথন শুরু হয়। পরে ভোর ৫টা ১৫ মিনিটে একই স্থান থেকে হাফ ও মিনি ম্যারাথন শুরু হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

এর আগে ম্যারাথন উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হয় কিট এক্সপো। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এবারের জার্সিতে স্থান পেয়েছে সিলেটের ঐতিহ্যের দুই পরিচিত নিদর্শন ক্বিন ব্রিজ ও আলী আমজদের ঘড়ি।

আয়োজকদের লক্ষ্য, ম্যারাথনের মাধ্যমে সিলেটের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা। পাশাপাশি সুস্থ ও সক্রিয় জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।