
আদনান চৌধুরী: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার অন্যান্য উপজেলার ন্যায় ফেঞ্চুগঞ্জেও নির্বাচনী হাওয়া বইছে। তবে ভোটার সংখ্যা নির্দিষ্ট (উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ) হওয়ার কারণে অনেকটা নীরবেই চলছে নির্বাচনী প্রচারণা।
সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরী। এ ওয়ার্ডে মোট ভোটার ৯৪জন। এ নির্বাচনে কেবল জনপ্রতিনিধিরাই ভোটার হওয়ার কারণে তাদের সঙ্গে মুঠোফোনে কিংবা সরাসরি সাক্ষাৎ করে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন সম্ভাব্য প্রার্থীরা। ফলে সাধারণ মানুষের কাছে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা তেমন একটা দৃশ্যমান না হলেও ভেতরে ভেতরে চলছে নানা মেরুকরণ।
এ পর্যন্ত এ উপজেলায় সম্ভাব্য চার প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তবে আলোচনায় উঠে এসেছেন এক প্রার্থী। তিনি নাহিদ হাসান চৌধুরী। হঠাৎ করে উপজেলার সর্বত্র তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নে ভোটারদের মধ্যে নাহিদ হাসান চৌধুরীকে ঘিরে বেশ কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
নাহিদ হাসান চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দুর্যোগে-দুঃসময়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান তিনি। বাড়িয়ে দেন সহযোগিতার হাত। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।
কয়েকজন ভোটার জানান, শুনতে পাচ্ছি নাহিদ হাসান চৌধুরী জেলা পরষিদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হচ্ছেন। তিনি প্রার্থী হলে খুব ভালো হয়। তিনি সমাজ ও মানুষের জন্য অনেক কাজ করেছেন। নির্বাচিত হলে তাঁর দ্বারা মানুষ আরও বেশি উপকৃত হবে।
এক প্রশ্নের জবাবে নাহিদ হাসান চৌধুরী বলেন, মানুষের সেবা করার জন্য পদ-পদবির দরকার হয় না, প্রয়োজন ভালো একটি মনের। জেলা পরিষদের সদস্য একটি সম্মানিত পদ। অনেকেই আমাকে বলেছেন প্রার্থী হওয়ার জন্য। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।