ফেঞ্চুগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার ‘উজান গঙ্গাপুর খাল’ দখল, ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে খালটি উদ্ধার ও পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে ‘উজান গঙ্গাপুর খাল’ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দেন ভুক্তভোগী এলাকাবাসী।
আবেদনে উল্লেখ করা হয়, কুরকুছি হাওর ও গঙ্গাপুর হাওর থেকে ‘উজান গঙ্গাপুর খাল’ কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে। খালটি রাজনপুর ও সুলতানপুর মৌজার মধ্যবর্তী স্থান দিয়ে কুশিয়ারা নদীতে পতিত হয়েছে এবং গঙ্গাপুর, উজ্জানগঙ্গাপুর, লামা গঙ্গাপুর, সুলতানপুর, মানিককোনা ও আশপাশ কয়েকটি গ্রামের কৃষক হাওরে ক্ষেত্রকৃষি ও শীত মৌসুমে শাক-সবজি ইত্যাদি চাষ করেন। কিছু অসাধু লোকজন খাল ভরাট করে বাড়িঘর নির্মাণ ও যাতায়াতের রাস্তা করায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং বর্ষা ও শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না। যার ফলে কৃষকেরা ফসলি জমিতে পানি সেচ দিতে পারেন না।
এলাকাবাসীর দাবি, খালটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করে এর সীমানা নির্ধারণ, পুনঃখনন এবং ভবিষ্যতে দখল রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা না হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়বে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান স্থানীয়রা।