বটেশ্বর বাজারের মুদি দোকানী জুবের আহমদ। দশ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।
প্রতিদিনের মতো রোবাবার রাতেও দোকান বন্ধ করে ঘরে এসে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন জুবের। সেই ঘুম থেকে আর জাগা হয়নি তার। সোমবার সকালে নিজের ঘর থেকেই স্ত্রী-সন্তান ও ভাবিসহ জুবেরের মরদেহ উদ্ধার করা হয়।
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজমি এলাকার একটি টিলারের পাদদেশে পরিবার নিয়ে বাস করতেন জুবেরের। নিজের জমিতেই ছিল কাঁচা ঘরটি। ঘরের লাগোয়া উঁচু টিলা। সোমবার ভোরে সেই টিলা ধসে পড়ে জুবেরদের ঘরের উপর।
চারদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে সিলেটে। ভারি বৃষ্টির কারণে ধস নামে টিলাটিতে। টিলার উপরের গাছপালাও ধসে পড়ে ঘরের উপর। এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন। ওই পরিবারের আরও ৫ সদস্য আহত হন। তবে আহতরা আশংকামুক্ত আছেন বলে জানা গেছে।