সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়ে তোলা সম্ভব। এ জন্য সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে দেবপুর শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের করের টাকায় সিটি করপোরেশন নগরীর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে। সিলেটে কর আদায়ের পরিমাণ তুলনামূলক কম হলেও সীমিত সম্পদের মধ্যেই নগরীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে মসজিদ, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন নগরীর সব মানুষের প্রতিষ্ঠান। ধর্ম-বর্ণ নির্বিশেষে নগরবাসীর কল্যাণে এ প্রতিষ্ঠান কাজ করে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়নেও সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে।
আখড়ার সভাপতি রতন মনি মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাশ। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তরা উপস্থিত ছিলেন।








