সিলেটের গোয়াইনঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও মাদক উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার ভেতরে শ্রীপুর পিকনিক স্পট এলাকায় বিজিবি ও এসআরবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও সিরাপ উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এসের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে শ্রীপুর পিকনিক স্পট ঘেরাও করা হয়। পরে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালিয়ে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটর কর্ড উদ্ধার করেছে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।








